ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এখন পর্যন্ত প্রাপ্ত ৮টি কেন্দ্রের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ১৬ ভোটে এগিয়ে আছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনের মোট ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের গণনা শেষে প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে সারজিস আলম পেয়েছেন ৮ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এই আসনের ১৫৫টি কেন্দ্রে এখন ভোট গণনা চলছে। অন্যদিকে, পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং এখানে ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
উল্লেখ্য, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় সর্বমোট ২৮৬টি কেন্দ্রে আজ বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়-১ আসনের এই প্রাথমিক ফলাফলে সারজিস আলমের সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যান্য কেন্দ্রগুলোর ফলাফল আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments