Image description

ঝিনাইদহ-১ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আসনটির মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আসাদুজ্জামান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, যেখানে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইদহ-১ আসনের এই বিশাল জয় আসাদুজ্জামানের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। ফলাফল ঘোষণার পর নির্বাচনী এলাকায় ধানের শীষের কর্মী-সমর্থকদের বিজয় উল্লাস করতে দেখা গেছে।