যশোর-৩:
জামায়াত প্রার্থীকে হারিয়ে ধানের শীষের অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী
যশোরের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৯০টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি এই জয় ছিনিয়ে নেন।
১৯০টি কেন্দ্রের প্রাপ্ত সবশেষ ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে অনিন্দ্য ইসলাম অমিত ৭ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং নারী ভোটার ৩ লাখ ৫ হাজার ৯০১ জন। ১৯০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ।
সকাল থেকেই ধানের শীষ ও দাঁড়িয়ে পাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ লক্ষ্য নিয়ে মাঠে সক্রিয় ছিলেন, যা ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদেরও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন, ফলে লড়াইটি শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় রূপ নেয়।
বেসরকারি ফলাফল ঘোষণার পর থেকেই যশোর শহরে বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল ও আনন্দ উল্লাস শুরু করেছেন। নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই জয়কে ‘যশোরবাসীর গণতন্ত্র পুনরুদ্ধারের জয়’ হিসেবে অভিহিত করেন এবং সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments