ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। এখন পর্যন্ত পাওয়া শতাধিক কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত হেভিওয়েট প্রার্থী মাওলানা মামুনুল হককে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন।
আসনটির মোট ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। বর্তমানে ববি হাজ্জাজ ৬ হাজার ৮৭৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ভোটের আগে বেসরকারি সংস্থা ‘সোচ্চার’ প্রকাশিত একটি জরিপেও এই দুই প্রার্থীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। ওই জরিপে ববি হাজ্জাজ ৪২.৬ শতাংশ এবং মামুনুল হক ৩৯.৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিলেন। বর্তমান ফলাফল সেই জরিপের পূর্বাভাসের সাথেই মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।
বিকেলের পর থেকে মোহাম্মদপুর এলাকার প্রতিটি কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন বাকি ৩৬টি কেন্দ্রের ফলাফল আসার অপেক্ষা, যা এই আসনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments