Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু আসনে ফলাফল ‘টেম্পারিং’ বা জালিয়াতি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, "আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, যখন দেখা যাচ্ছে কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছেন এবং আমাদের ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, তখনই ফলাফল পরিবর্তনের অপচেষ্টা করা হচ্ছে। এর স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।"

তিনি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বলেন, ঢাকা-১৭ আসনে ৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে ম্যানিপুলেশন এবং ফলাফল পাল্টে দেওয়ার যে আশঙ্কা আমরা আগে থেকেই করছিলাম, এখানে সেটিই প্রতিফলিত হয়েছে। নির্বাচন কমিশনকে এই অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নিতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ওই আসনগুলোর চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত রাখতে হবে।

এনসিপি মুখপাত্র আরও দাবি করেন, বিশেষ করে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতে সুনির্দিষ্টভাবে ভোট গণনায় কারচুপির চেষ্টা চলছে। 

তিনি উল্লেখ করেন, জামায়াতের আমিরের আসন, নাগরিক পার্টির (এনসিপি) আসন এবং খেলাফত মজলিসের আমিরের আসনে বিশেষভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া মিরপুরের ঢাকা-১৬ আসনেও একই চিত্র দেখা গেছে বলে তিনি মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার লক্ষ্যেই এ ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর