ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। তিনি হাঁস প্রতীকে ভোটে অংশ নিয়ে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে, যিনি পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
নির্বাচনের জয়ী হওয়ার পর শুক্রবার দুপুরে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ভোটের প্রতীক হিসেবে হাঁস বেছে নেওয়ার কারণ তুলে ধরেন এবং নিজের কঠিন রাজনৈতিক যাত্রার গল্পও শেয়ার করেন।
তিনি বলেন, “আমার জার্নিটা কঠিন ছিল, কিন্তু আমার নেতাকর্মীদের জন্য আরও কঠিন ছিল। তারা ১৭ বছর ধরে অসংখ্য কষ্ট ও শ্রম দিয়েছে, ঘরে ঘুমাতে পারেনি।” এছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন কিছু কেন্দ্রে ভোট ছাপানো এবং ফলাফল আটকে রাখার চেষ্টা হয়েছে।
রুমিন ফারহানা বলেন, “আমি দলীয় প্রার্থী নই। আমাকে এলাকায় টিকে থাকতে হলে কাজ ছাড়া অন্য কোনো অপশন নেই।”
তিনি ভোটের মার্কা হিসেবে হাঁস বেছে নেওয়ার পেছনে ব্যক্তিগত স্মৃতি ও পরিবারের সঙ্গে সংযোগকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হন। একাদশ জাতীয় সংসদে তিনি সংরক্ষিত আসনের সদস্য এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments