ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা। নির্বাচনে পরাজয় বরণ করলেও দেশ ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, একটি নির্বাচনে জয়-পরাজয় চূড়ান্ত নয়; বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই তাঁর মূল লক্ষ্য।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জারা তাঁর পরবর্তী পরিকল্পনা ও নির্বাচনের অভিজ্ঞতা শেয়ার করেন।
যুক্তরাজ্যে ফিরে যাওয়ার গুঞ্জন নাকচ করে তাসনিম জারা লেখেন, “অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাবো। তবে আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই দেশে, আমার কাজও এখানেই। রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের জন্যই আমার পথচলা শুরু। এটি কোনো একক নির্বাচনী লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ।”
নির্বাচনী প্রচারণায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি তরুণী ও কিশোরীদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, “সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনার মান বদলে দেয়। স্বপ্ন দেখতে ভয় পেও না, ক্ষমতার কেন্দ্রে তোমাদেরও অধিকার রয়েছে।” পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি স্বেচ্ছাসেবকদেরও ভূয়সী প্রশংসা করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “নির্বাচনে আমার প্রাপ্ত বিপুল ভোট ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।”
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব। ফুটবল প্রতীক নিয়ে তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। ৬৬ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে হাবিবুর রশিদের কাছে পরাজিত হয়ে এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন জারা।
নির্বাচন-পরবর্তী এই প্রতিক্রিয়া ও দেশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments