Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বিজয়ী প্রার্থী, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে রেজাউল করিম বলেন, ‘বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা থাকলেও বাংলাদেশের বাস্তবতায় এটি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন-সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ইসলামী আন্দোলনের আমির আশা প্রকাশ করেন যে, বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনতার কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। 

তিনি বলেন, ‘জনতার প্রত্যাশার প্রতি জনপ্রতিনিধিদের দায়বদ্ধ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত ও জীবন উৎসর্গ করেছে, তার প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনা করাই হবে বিজয়ীদের মূল সার্থকতা।’

উল্লেখ্য, এবারের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ২৫৩টি আসনে প্রার্থী দিয়েছিল। হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ২৫৩টি আসনের মধ্যে কেবল বরগুনা-১ আসনে জয়লাভ করেছে দলটি। অবশিষ্ট আসনগুলোতে কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকায় নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করেছেন দলটির শীর্ষ নেতা।

মানবকণ্ঠ/ডিআর