Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সাথে তিনি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট। অর্থাৎ ৯ হাজার ৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আখতার হোসেন।

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, “এই বিজয় পীরগাছা ও কাউনিয়ার আপামর জনগণের। ভোটাররা যে বিশ্বাস নিয়ে আমাকে আমানত দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করব।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “ভোটের লড়াই শেষ, এখন উন্নয়নের লড়াইয়ের সময়। আমরা যেন কোনোভাবেই প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে না পড়ি। বিরোধী মতের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

মানবকণ্ঠ/ডিআর