Image description

এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এ ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আঁতাতের মাধ্যমে তারা জয় লাভ করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আসিফ বলেন, ‘স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি দিয়েই তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন। দেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন।’

তিনি বলেন, অনেকগুলো আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। একই সঙ্গে টু থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার মাধ্যমে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা-ষড়যন্ত্রের কথা আমরা আজ প্রকাশ করে রাখলাম। আশা করি আগামী পাঁচ বছরে আমরা এটি আস্তে আস্তে দেখতে পারব।