Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালিগঞ্জ–পূবাইল–বাড়িয়া) আসন থেকে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শপথ গ্রহণ শেষে নিজের ফেসবুক আইডিতে মিলন লেখেন, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ। এটি আমার একার নয়, আপনাদের সবার বিজয়। দোয়া রাখবেন, ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো।

এর আগে শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরেকটি পোস্টে লেখেন, সংসদ ভবন আসছি আপনাদের ভালোবাসা আর ভোটের শক্তি নিয়ে। দোয়া রাখবেন, ইনশাআল্লাহ বিশ্বাসের মর্যাদা রাখবো। এ পোস্টেও তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বড় ব্যবধানে জয়লাভ করেন এ কে এম ফজলুল হক মিলন। ‘ধানের শীষ’ প্রতীকে তিনি ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পান ৭৮ হাজার ১২৩ ভোট।

এ আসনে মোট ভোটের হার ছিল ৬৪ দশমিক ৮৩ শতাংশ, যা গাজীপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ। প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে জয় পাওয়ায় এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।