স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সক্রিয় করতে পর্যায়ক্রমে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্য, যে সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানেই সবার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যত দ্রুত সম্ভব ভোটের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে নিয়োজিত প্রশাসকরা অনেক ক্ষেত্রে আমলাদের তুলনায় বেশি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন। তাই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়াদ আগে শেষ হলে সেখানে আগে নির্বাচন হবে। এরপর পর্যায়ক্রমে অন্য সিটি করপোরেশনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments