Image description

রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ ধরনের পদক্ষেপকে ‘বিধি-বহির্ভূত’ বলেও আখ্যা দেন তিনি।

এনসিপি মুখপাত্র বলেন, ‘বিএনপির এমন সিদ্ধান্ত নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার কোনো সময়সীমা উল্লেখ করেনি; অথচ চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।’ আসিফ মাহমুদ অভিযোগ করে আরও বলেন, মাদকবিরোধী অভিযানের নামে পুলিশের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বর্তমান সরকার।

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে এনসিপি। এনসিপি ১১ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে কি না, তা পরে বিবেচনা করা হবে। আপাতত এককভাবে নির্বাচনের কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।’