সরকারের এক মন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নিজের নাম উর্দু বা ফারসি উৎসের রেখে স্লোগানের ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ভাষার মাসে অতীতে ভাষা নিয়ে বিতর্কে বেশি সরব থাকত বাংলাদেশ আওয়ামী লীগ। এখন একই প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মধ্যেও।
তিনি বলেন, বিএনপির এক মন্ত্রী ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানকে উর্দু শব্দ বলে মন্তব্য করেছেন। অথচ তাদের দলীয় স্লোগান ‘বাংলাদেশ জিন্দাবাদ’-এ ব্যবহৃত ‘জিন্দাবাদ’ শব্দটিও উর্দু উৎসের। তার দাবি, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান শুনলে ওই মন্ত্রীর ‘রক্তক্ষরণ হয়’, যা তিনি কটাক্ষ করে উল্লেখ করেন।
রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা
বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, নতুন সরকারের ভেতরে একটি পক্ষ ‘রিকনসিলিয়েশন’-এর নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপি হয়তো মনে করছে এতে তাদের রাজনৈতিকভাবে লাভ হবে, তবে এটি একটি বড় ভ্রান্ত ধারণা।
আওয়ামী লীগকে ‘বিষধর সাপ’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, অসুস্থ অবস্থায় দুধ-কলা খাইয়ে বড় করলে সাপ পোষ মানে না; বরং সুস্থ হয়ে প্রথমে তাকেই আঘাত করে, যে তাকে লালন করেছে।
তিনি আরও দাবি করেন, অতীতে বিএনপি একই ধরনের রাজনৈতিক ভুল করেছে একবার জিয়াউর রহমানের আমলে এবং পরে বেগম খালেদা জিয়ার সময়। তার মতে, এর ফলেই পরবর্তীতে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি যখন রাজনৈতিকভাবে চাপে ছিল, তখন সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক শক্তি তাদের পাশে দাঁড়িয়েছিল। তাই একই ভুল বারবার না করার আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments