Image description

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, নানা অপরাধে তিনি অভিযুক্ত ফলে এখন সময় এসেছে তাকে অভিশংসন করে সরানোর। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবিতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। 

তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে আগে থেকে। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, অভিভাবক, সম্মান-শ্রদ্ধার যে ব্যক্তিত্ব প্রয়োজন তার কোনটাই আসলে নেই । 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কাজ করবে কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। 

সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি তাই রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। 

সেই সময় রাষ্ট্রের স্থীতিশীলতা, সাংবিধানিক ধারবাহিকহতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার।