Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে হলেও এই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই যদি না থাকে, তাহলে যমুনা, নির্বাচন কিংবা সরকার—কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না।’ তাই জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপিসহ অন্যান্য দলের প্রতিনিধি ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলমও বক্তব্য রাখেন। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

মানবকণ্ঠ/আরআই