জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়ার কোনো আইনি বিধান না থাকলেও, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এই প্রস্তাব দিয়ে বিএনপি উদারতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেন, জামায়াতেরও উচিত এই প্রস্তাবটি উদারভাবে গ্রহণ করা।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ প্রশিক্ষণার্থীদের মতো অন্য এমপিদের সারিতে বসে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন এই সংসদের কাছে জাতির অনেক প্রত্যাশা রয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করতে হবে। আমরা এই সংসদকে স্মরণীয় করে রাখতে চাই।
রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে তিনি বলেন, 'রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে এবং সেই রীতি অনুযায়ীই তিনি ভাষণ দেবেন।'
উল্লেখ্য, আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসন্ন এই অধিবেশনকে সামনে রেখেই মূলত দলের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতে বিএনপির পক্ষ থেকে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments