রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যাত্রী আহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় সোহেল (২২) নামে এক তরুণের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহত সোহেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।
জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকিরই প্রতিফলন। পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীচাপ বাড়ার বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল, কিন্তু কর্তৃপক্ষ প্রয়োজনীয় আগাম প্রস্তুতি ও সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অথচ বর্তমানে অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব সমস্যার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে ঈদযাত্রায় ভাড়া নিয়ন্ত্রণ, সড়কে চাঁদাবাজি বন্ধ এবং ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত জনবল মোতায়েন করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।
সবশেষে তিনি নিহতদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments