আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (চাঁদ দেখা সাপেক্ষে) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই জামাতে রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারি বাসভবনে বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক এবং দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে, বিএনপির শীর্ষ নেতাদের একটি বড় অংশ ঢাকার বাইরে নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ঈদ করবেন রাজধানী ঢাকায়। তাঁদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ঈদের দিন সকালে দলের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন।
বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থানগুলো হলো: গয়েশ্বর চন্দ্র রায় (কেরানীগঞ্জ), ড. আব্দুল মঈন খান (নরসিংদীর পলাশ), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম), সালাহউদ্দিন আহমেদ (কক্সবাজার), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ), বরকতউল্লা বুলু (নোয়াখালী), সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (বরিশাল), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর), খায়রুল কবির খোকন (নরসিংদী), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ) এবং আবদুস সালাম আজাদ (মুন্সিগঞ্জ)। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বর্তমানে অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটাবেন।
বিএনপি নেতারা জানান, নির্বাচনের পর এটিই প্রথম ঈদ হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগের অংশ হিসেবেই অধিকাংশ কেন্দ্রীয় নেতা ঢাকার বাইরে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments