Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন ভোর ৫টায় মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে।

স্মৃতিসৌধ থেকে ফিরে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করবেন। এরপর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলা, উপজেলা ও পৌরসভাসহ দেশের সকল ইউনিটে আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ কর্মসূচি পালন করবে।

মানবকণ্ঠ/ডিআর