Image description

১৯৭২ সালের সংবিধানেই দেশে স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘৭২-এর সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই বপন করা হয়েছিল।’ তিনি আরও বলেন, এই সংবিধানের মূল নীতির সঙ্গে বিএনপির অনেক অবস্থানই সাংঘর্ষিক। বিএনপি তাদের দলীয় নীতির সঙ্গে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, সংবিধানের ততটুকুই মানতে চায়, বাকিটা মানতে চায় না।

সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকার ঘোষিত কমিটির বিষয়েও কড়া সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি পরিষ্কার জানিয়ে দেন, সরকার যে ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠনের কথা বলেছে, বিরোধীরা সেখানে যোগ দেবে না। বিরোধী দলের আরেক এমপি ব্যারিস্টার নাজিবুর রহমানও একই অবস্থান ব্যক্ত করেন। তবে তারা জানান, সংবিধান ‘সংস্কারের’ জন্য কোনো কমিটি প্রস্তাব করা হলে তা ভেবে দেখা হতে পারে।

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীরা রাজি’—আইনমন্ত্রীর এমন দাবি মোটেও সত্য নয়। আইনমন্ত্রী এ বিষয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ‘মিসকোট’ বা ভুলভাবে উপস্থাপন করেছেন বলে তারা অভিযোগ করেন।

বিরোধী দলের এই দুই সংসদ সদস্য আরও দাবি করেন, বিএনপি তাদের সুবিধামতো সংবিধান সংশোধন করতে চাইছে, যা মূলত ‘জুলাই বিপ্লবের’ জনআকাঙ্ক্ষার পরিপন্থী। সরকারের প্রস্তাবিত এই সংশোধন কমিটির কোনো আইনি ভিত্তি নেই উল্লেখ করে তারা জানান, এমন কোনো কমিটির প্রস্তাব বিরোধীরা মেনে নেবে না।

মানবকণ্ঠ/আরআই