Image description

হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক তরুণের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচিত ওই তরুণের নাম শাহাদাত হোসেন টিপু। তিনি উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাচ্চু মিয়া সরদারের ছেলে।

রোববার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংযুক্ত করে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন টিপু পূর্বে ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তিনি তার সঙ্গে বিভিন্ন পদযাত্রায় অংশ নিতেন। এছাড়া মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনকালেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

এ বিষয়ে শাহাদাত হোসেন টিপু জানান, আমি যা বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি, সেটিই প্রকাশ করেছি। ইচ্ছা করলে অতীতে আমি আওয়ামী লীগের বড় পদ-পদবী নিতে পারতাম। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, তাই দলীয় পরিচয় দেওয়ায় কোনো আইনগত বাধা নেই। 

টিপু আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রীও গণমাধ্যমে বলেছেন- আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি নন।

অন্যদিকে, স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, তিনি ভোটারদের আকৃষ্ট করতেই আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তবে এতে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন।