Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল)  থেকে শুরু হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তফসিল অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবার (১৮ এপ্রিল) একই সময়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মনোনয়ন প্রদানের মানদণ্ড সম্পর্কে রুহুল কবির রিজভী জানান, যারা অতীতে রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন এবং যাদের ভালো শিক্ষাগত যোগ্যতা ও সাবলীল কথা বলার দক্ষতা রয়েছে, তাদের মনোনয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত ৫০টি আসনের বিপরীতে বিএনপির মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বর্তমান সংসদীয় অবস্থান অনুযায়ী বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াতে ইসলামীসহ তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর