পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং পরিস্থিতির দাবি মেনেই সরকার তেলের দাম কিছুটা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, “জনগণের চাহিদার কথা বিবেচনা করে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই জ্বালানি তেলের দাম সামান্য বাড়াতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির আকাশচুম্বী মূল্যের প্রেক্ষাপটে সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।” তিনি আরও যোগ করেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পরিস্থিতির চাপে পড়েই এই সমন্বয় করতে হয়েছে।
আলোচনা সভায় ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের প্রসঙ্গ টেনে রিজভী প্রশ্ন তোলেন, “গুমের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?” তিনি দাবি করেন, দোষীদের রিমান্ডে নিয়ে যথাযথ তদন্ত করলেই নিখোঁজ নেতাদের সন্ধান পাওয়া সম্ভব।
সরকারের জারি করা ‘গুম অধ্যাদেশ’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রিজভী বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের এই অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে। আমরা চাই এই আইনটি আরও সংশোধন করে শক্তিশালী ও কার্যকর করা হোক। ভবিষ্যতে যাতে আর কেউ গুমের মতো নিষ্ঠুর পথ অবলম্বন করার সাহস না পায়, সেই লক্ষ্যেই মানবতাবাদী আইন প্রণয়ন করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইলিয়াস আলীর দ্রুত ফিরে আসা ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments