Image description

বর্তমান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে জনগণের ১৬ বছর লেগেছে, কিন্তু আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না। কারণ আপনাদের পাশে এখন আর কেউ নেই।’ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ সবুজ প্যানেলের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আপনারা কারচুপি করে ক্ষমতায় এসেছেন—এটা যেমন আপনারা জানেন, জনগণও জানে। এই সরকার দুই মাসের মধ্যেই জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে। গণভোটের রায়কে অবজ্ঞা করবেন না। যে ইস্যু সংসদে সমাধান হওয়া উচিত, তাকে রাজপথে ঠেলে দেবেন না।’ তিনি বিচার বিভাগে তাঁর ওপর হওয়া ‘অবিচারের’ কথা তুলে ধরে বলেন, ‘আমরা যেমন সংসদে লড়াই করব, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেও আন্দোলন গড়ে তুলব।’

অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা জুলাইয়ের শহীদের মাকে সংসদে নিয়ে গিয়ে গণ-অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করাচ্ছি, আর একটি দল ফ্যাসিস্টদের দোসরদের সংসদে আনছে। তারা গণভোট বাতিল করে আর বাঙ্কার নির্মাণ করে প্রমাণ করছে যে জনগণের ওপর তাদের আস্থা নেই।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বিচারব্যবস্থা চাই যেখানে একজন সাধারণ ম্যাজিস্ট্রেট খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আদেশ দিতে দ্বিধাবোধ করবেন না। জুলাই বিপ্লব নিছক ক্ষমতার পালাবদলের জন্য ছিল না, ছিল পুরো ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জনগণ জিম্মিদশা থেকে মুক্তি চায়। জাতীয় নির্বাচনে অভিজ্ঞতার অভাবে আমরা ভোট রক্ষা করতে পারিনি, উপনির্বাচনেও কারচুপি হয়েছে। তবে ঢাকা বার নির্বাচনে কোনো ভোট চুরি করতে দেওয়া হবে না। বিচারাঙ্গনকে বিএনপির দখল থেকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এবং ল'ইয়ার্স ফোরামের সভাপতি মতিউর রহমান আকনও বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৩০ হাজার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বকর সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মানবকণ্ঠ/আরআই