Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে বুধবার (২২ এপ্রিল) কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

একই সাথে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় দলটির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল করেছে কমিশন। ফলে এনসিপির শীর্ষ দুই নারী নেত্রীর সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল।

ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী বিকেল ৪টার মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও নুসরাত তাবাসসুম তাঁর মনোনয়নপত্রটি বিকেল ৪টা ১৯ মিনিটে জমা দেন। নির্ধারিত সময়সীমা ১৯ মিনিট অতিক্রম করায় আইনগতভাবে তাঁর আবেদনটি অযোগ্য বলে বিবেচিত হয়েছে এবং কমিশন তা গ্রহণ করেনি।

অন্যদিকে, এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে আরপিও-র আইনি জটিলতার কথা জানিয়েছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। মনিরা শারমিনের ক্ষেত্রে পদত্যাগের পর এখনো তিন বছর পূর্ণ হয়নি, যার ফলে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে এনসিপির এই দুই নেত্রীর হোঁচট খাওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই