বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা কোনোদিন ভুলবে না। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কিংবদন্তী হিসেবেও ইতিহাসের পাতায় তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি একথা বলেছেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় তা জানানো হয়।
বাণীতে তিনি বলেছেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ঔপনিবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এদেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশী বোর্ড গঠন তাঁর একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।
মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব।
আমাদের জাতীয় ইতিহাসে তাঁর অবদানের গুরুত্ব অপরিসীম। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমি মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করি।




Comments