Image description

বিএনপি বর্তমানে রাষ্ট্র সংস্কারের চেয়ে ক্ষমতা উপভোগ করতেই বেশি আগ্রহী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেয়ে ক্ষমতাকে নিরঙ্কুশ করার মানসিকতা পোষণ করছে।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন তার বক্তব্যে বলেন, “বিএনপি সরকার এখন আর সংস্কার করতে চায় না। তারা চায় ক্ষমতাকে নিজেদের মতো করে উপভোগ করতে।

নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে কেবল ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখার পুরনো মানসিকতা থেকে তারা বের হতে পারেনি।”

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়েছিল, তখন নোট অব ডিসেন্টের অর্থ ছিল—আমরা মূল সিদ্ধান্ত মেনে নিচ্ছি কিন্তু ব্যক্তিগত ভিন্নমতটুকু রেকর্ড করে রাখছি। এখানে নোট অব ডিসেন্ট বড় বিষয় নয়; বরং রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো কার্যকর করাই আসল লক্ষ্য।”

গণভোটের গুরুত্ব উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “একবার গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি হলো বা হলো না, তা আর গুরুত্বপূর্ণ থাকে না। গণভোটের পর আগের বিতর্কগুলো পুনরায় তোলা মানে জনগণের রায়কে সরাসরি প্রত্যাখ্যান করা।”

অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সকল পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই