আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ এবং বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য (দারু সালাম বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র নাফিজ মাহবুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ণাঢ্য একাডেমিক ও রাজনৈতিক জীবনের অধিকারী প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান একজন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকেই রাজপথের গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে তিনি এক সাহসী ও অগ্রণী সৈনিক হিসেবে সুপরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই পরিচিত মুখ ২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাঁর দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতিস্বরূপ তাঁকে সংগঠনের এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে।
এদিকে, নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি তাঁর ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি, বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ডিআর




