ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, সন্ধ্যায় আফরোজা খাতুন রাইস কুকারে ভাত বসিয়ে পাশের কক্ষে যান। কিছুক্ষণ পর পোড়া গন্ধ পেয়ে তিনি দ্রুত এসে রাইস কুকারের ঢাকনা খুললে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় রাইস কুকারের গরম পানিও তার শরীরের ওপর পড়ে যায়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া জানান, হাসপাতালে আনার আগেই আফরোজা খাতুনের মৃত্যু হয়েছিল।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




Comments