দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলার একরামুল হক (৩৪) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। সোমবার গভীর রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই একরামুল মোজাম্বিক হয়ে অবৈধ পথে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছিলেন। শনিবার দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর জোহানেসবার্গের দিকে যাওয়ার সময় ১৯ জন বাংলাদেশি যাত্রীবাহী একটি মাইক্রোবাস ডেলমাসের উইটব্যাংক ওল্ড সড়কে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি মারা যান। গুরুতর আহত অবস্থায় একরামুলকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি সোমবার রাতে মারা যান।
একরামুলের চাচাতো ভাই শহিদ উল্ল্যাহ তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। এই দুর্ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানিয়েছেন, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার ব্যবস্থা করবেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নির্ধারিত সহায়তাও দ্রুত প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।

