মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটককৃত অনিবন্ধিত (অবৈধ) অভিবাসীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নাগরিক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক লিখিত জবাবে জানিয়েছেন, ৬ জুলাই পর্যন্ত মোট ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত অভিবাসীর মধ্যে ১ হাজার ১৩৬ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মোট আটককৃতদের মধ্যে ৯০.৭ শতাংশ চারটি দেশের নাগরিক। এর মধ্যে মিয়ানমারের নাগরিক রয়েছেন ৭ হাজার ৪৫৩ জন, ইন্দোনেশিয়ার ৩ হাজার ৮১৭ জন এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আটককৃতদের ইমিগ্রেশন বিভাগের ২০টি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী এবং দুটি অস্থায়ী। এছাড়া বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটক কেন্দ্রও রয়েছে। আটককৃতদের মধ্যে ৭৮ শতাংশ পুরুষ এবং ২২ শতাংশ নারী। তাদের আটকের গড় মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে।
এই তথ্যগুলো দেশটির পাকাতান হারাপান দলের সংসদ সদস্য সাইরলিনা আবদুল রশিদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেন। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে।

