Image description

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত কাজী (৩৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপোহ শহরে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বেলায়েত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ কাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানায়, মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপোহ শহরে সড়কের কাজ করছিলেন বেলায়েত।

 এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে বলে জানা গেছে।

স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান বেলায়েত।

শুরুতেই নানা প্রতারণার শিকার হন তিনি। নির্ধারিত কাজ না পেয়ে অবৈধভাবে বিভিন্ন নির্মাণ ও সড়ক মেরামতের কাজে যুক্ত হন। সম্প্রতি ইপোহ এলাকায় সড়ক সংস্কার কাজ করছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছে।

স্থানীয়রা বলছেন, অবৈধভাবে বিদেশে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকার কারণে এমন দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বাড়ছে। তারা দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গ্রামে বেলায়েতের মৃত্যুসংবাদ পৌঁছাতেই এলাকায় শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো চৌকিঘাটা গ্রাম।