বাহরাইনের পর এবার কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসীর মৃত্যু
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার বলি হয়ে বাহরাইনের পর এবার কুয়েতেও ইরানি ক্ষেপণাস্ত্রের (মিসাইল) আঘাতে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জাহেদ হোসেন (৩০) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েতের জারা জালমি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় জাহেদ সেখানে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। জীবিকার তাগিদে প্রায় ৪ বছর আগে উট চড়ানোর (ক্যামেল রাইডিং) ভিসায় কুয়েত পাড়ি জমিয়েছিলেন তিনি। তার স্ত্রী এবং দুই বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত থেকে এক আত্মীয়ের ফোনের মাধ্যমে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই জাহেদের বাড়িতে চলছে শোকের মাতম।
উল্লেখ্য, গত রবিবার মধ্যপ্রাচ্যের আরেক দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হয়েছিলেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর এমন মৃত্যুতে পুরো সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments