Image description

মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) লুমুতের বন্দর বারু সেগারি এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মানবপাচার চক্রের সাথে জড়িত সন্দেহে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তারা মূলত ওই গোপন আস্তানাটি পরিচালনা এবং অভিবাসীদের আনা-নেওয়ার কাজ করতেন।

মানজুং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে মানজুং জেলা পুলিশ সদর দপ্তর এবং মেরিন পুলিশের গোয়েন্দা শাখা ওই এলাকার দুটি বাড়িতে তল্লাশি চালায়।

আটক ৭৪ জনের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং দুটি শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা মূলত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক।

পুলিশ প্রধান আরও জানান, আটককৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, পাচারে জড়িত দুই ইন্দোনেশীয় নাগরিকের বিরুদ্ধে 'অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্র্যান্টস অ্যাক্ট ২০০৭' (অ্যাক্ট ৬৭০) এবং ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মালয়েশিয়া কর্তৃপক্ষ মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো প্রকার সন্দেহভাজন কার্যক্রম দেখলে দ্রুত পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে তথ্য দিয়ে সহায়তার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।

মানবকণ্ঠ/আরআই