সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল তিনটার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন এবং সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।
নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তোতা মিয়ার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।




Comments