ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা
খুনি হিশাম সম্পর্কে ভাইয়ের চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত হিশাম আবুঘারবিয়েহর (২৬) সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হিশামের ছোট ভাই আহমদ আবুঘারবিয়েহ সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হিশামের অস্বাভাবিক ও সহিংস আচরণ নিয়ে তারা আগেই পুলিশকে সতর্ক করেছিলেন।
আহমদ জানান, তার বড় ভাই হিশাম অত্যন্ত উগ্র মেজাজের ছিলেন এবং তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। তিনি বলেন, "ওর রুমমেটদের সাথে থাকা মোটেও উচিত ছিল না। হয় সে একা থাকত, না হয় গৃহহীন হয়ে পথে থাকত।"
আহমদ আরও জানান, হত্যাকাণ্ডের দিন হিশাম হঠাৎ বাড়িতে হাজির হয়ে অদ্ভুত আচরণ শুরু করলে তিনি নিজেই পুলিশ ডাকেন। এর আগেও পরিবারের পক্ষ থেকে দুইবার হিশামের বিরুদ্ধে 'প্রোটেক্টিভ অর্ডার'-এর আবেদন করা হয়েছিল, যার একটি ২০২৫ সালে আদালত খারিজ করে দেয়।
আদালতের নথি অনুযায়ী, হিশাম নিজেকে ‘ঈশ্বর’ দাবি করতেন এবং মাঝরাতে চিৎকার করে পরিবারের সদস্যদের তার সামনে নতজানু হতে বলতেন। এর আগে তিনি তার ভাইকে শারীরিক লাঞ্ছনা এবং মায়ের সঙ্গে তর্কের জেরে ঘরবাড়ি তছনছ করেছিলেন। এমনকি গ্রেপ্তারের দিনও ছোট বোনকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
নিহত দুই মেধাবী শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহমদ বলেন, "আমরা প্রচণ্ড লজ্জা ও অপরাধবোধে ভুগছি। যা ঘটেছে তার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।"
বর্তমানে হিশাম আবুঘারবিয়েহ দুটি ‘ফার্স্ট ডিগ্রি’ মার্ডার মামলার মুখোমুখি। স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ জানিয়েছেন, হিশাম সমাজের জন্য একটি বড় হুমকি এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে জামিনহীনভাবে কারাগারে রাখার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহের অবশিষ্টাংশ নিশ্চিত করার প্রক্রিয়া এখনো চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments