Image description

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তাজুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড গত বুধবার (২৭ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যে ১২টি গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত ‘মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে’ একাধিক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তাজুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে পুলিশ তাকে হেফাজতে নেয়।

কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২১ এপ্রিল বিকেলে মসজিদের ভেতর ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে প্রথম দফায় যৌন নিপীড়ন করেন তাজুল ইসলাম। পরবর্তীতে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় একইভাবে ১০ বছর বয়সী আরও এক শিশুকে তিনি যৌন হয়রানি করেন।

মামলার শুনানিতে অভিযুক্ত তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করাসহ ১২টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করেছেন। আদালত তার জামিন হিসেবে ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেছেন। তবে জামিনে থাকাকালীন ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এই ন্যাক্কারজনক ঘটনা জানাজানির পর নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রবাসীরা বলছেন, এমন জঘন্য অপরাধের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এনওয়াইপিডি জানিয়েছে, এই ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর