Image description

দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে সুমন (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার (৯ মে) বিকেলে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে বছর দশেক আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সুমন। সেখানে নিউক্যাসল শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছিল তার। মাত্র ৩ বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন তিনি। তার ঘরে ২ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। সুমনের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে অভিরামপুরের আকাশ-বাতাস।

কী কারণে বা কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশিদের ধারণা, ছিনতাই বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।

মানবকণ্ঠ/আরআই