হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)। বিদ্যা, জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে আগমন করেন। এদিন ভক্তরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বিদ্যা-বুদ্ধি ও শুভবোধের প্রার্থনা জানান।
দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাসাবাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন হলেও, গত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ এই উৎসবের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সেখানে পূজাকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউট সরাসরি অংশ নিচ্ছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং পরে প্রসাদ বিতরণ করা হচ্ছে।
জগন্নাথ হলের মাঠজুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট আলাদা আলাদা মণ্ডপ নির্মাণ করেছে। হল প্রশাসন, চারুকলা ইনস্টিটিউট এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকেও বিশেষ মণ্ডপের আয়োজন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে জগন্নাথ হল এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে শিশু-কিশোরদের জন্য রাইড, খেলনা ও বিভিন্ন খাবারের দোকান বসানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments