পবিত্র কুরআনের ব্যাখ্যা বা তাফসির করার জন্য শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করার ব্যাপারে সতর্ক করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি ড. নাজির আইয়াদ।
তিনি বলেন, এ ধরনের পদ্ধতি ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং এটি পবিত্র গ্রন্থের মূল অর্থ বিকৃত করার ঝুঁকি তৈরি করে।
মিশরের ফতোয়া প্রদানের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 'দার আল-ইফতা আল-মিসরিয়্যাহ'-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ড. আইয়াদ বলেন, কুরআনের গূঢ় অর্থ উদ্ধারের জন্য স্বাধীনভাবে বা এককভাবে এআই টুলের ব্যবহার ইসলামি শরিয়াহ অনুযায়ী বৈধ নয়।
তিনি জোর দিয়ে বলেন, এই নির্দেশনার উদ্দেশ্য হলো কুরআনকে মানুষের অনুমান ও জল্পনা-কল্পনা থেকে রক্ষা করা। সেই সঙ্গে সঠিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক পাণ্ডিত্য ছাড়া কুরআনের মনগড়া ব্যাখ্যা ছড়িয়ে পড়া রোধ করা।
ড. আইয়াদ আরও উল্লেখ করেন যে, কুরআনের ব্যাখ্যা কেবল তাদের মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত যারা তাফসির ও ফিকহ শাস্ত্রের স্বীকৃত পদ্ধতি ও গবেষণার বিষয়ে পারদর্শী। বিশেষজ্ঞ আলেমদের দ্বারা যাচাই করা হয়নি—এমন কোনো অর্থ কুরআনের ওপর আরোপ করার বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এমনটি করলে পবিত্র গ্রন্থের অখণ্ডতা ও মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে।
যেসব মুসলিম কুরআনের আয়াত বুঝতে আগ্রহী, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন প্রতিষ্ঠিত তাফসির গ্রন্থগুলো অধ্যয়ন করেন অথবা সরাসরি বিশ্বস্ত আলেম এবং স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্য নেন। তিনি মনে করেন, এই পদ্ধতির মাধ্যমেই সঠিক জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক সততার ভিত্তিতে কুরআন বোঝা সম্ভব এবং এর মাধ্যমেই পবিত্র কুরআনের পবিত্রতা রক্ষা করা যায়।
তথ্যসূত্র: গালফ নিউজ




Comments