চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এরই মধ্যে ৯ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ১১৮টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরব পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৪টি, সৌদি এয়ারলাইনস ৪৩টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন মক্কায় ও ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারা যাওয়াদের মধ্যে একজন নারীও রয়েছেন।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। গত ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকায় পৌঁছাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments