Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এর মাঝেও জড়িয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ঢাবি) ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।  

তিনি জানিয়েছেন, মাইগ্রেনের ব্যথার কারণে আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে উঠে তিনি দেখেন, জামায়াত আমিরের সেই টুইটার ( এক্স হ্যান্ডেল) স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স বার্তায় ভরে গেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো।

তিনি আরও লেখেন, তার আগে, আজকে দিনের রান্না, ঘরের কাজ গুছাব। এর পরে, ফেসবুক নিয়ে বসব—কে কী বললেন, কেন বললেন এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে রাতে আর কোনো কাজ নাই।

জানা যায়, গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়।

এদিকে জামায়াত বিবৃতি দিয়ে জানিয়েছে, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট বা কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত কিংবা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।