Image description

সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাম্প্রতিক কড়া সমালোচনার জবাবে মুখ খুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি জানান, পদ হারানোর পর ‘আঁতে ঘা’ লাগার কারণেই শফিকুল আলম তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন।

সম্প্রতি একটি টক শোতে শফিকুল আলম সাংবাদিক মাসুদ কামালের সমালোচনা করে দাবি করেন, মাসুদ কামালের বক্তব্যের ৮০ শতাংশই ভুল এবং তিনি যথাযথ পড়াশোনা করেননি। এই মন্তব্যের প্রেক্ষিতে মাসুদ কামাল একটি ভিডিও বার্তায় বলেন, "শফিকুল আলম হঠাৎ উত্তেজিত হয়ে আমার বিষয়ে কিছু কথা বলেছেন। আমি তাঁর এসব মন্তব্যের কী জবাব দেব? সবচেয়ে ভালো হয়, উনার ওই ভিডিওর নিচে দর্শকদের মন্তব্যগুলো পড়ুন। পাবলিক তাঁর মন্তব্যকে কীভাবে নিয়েছে, সেটি পড়লেই বুঝতে পারবেন। আমার আলাদা করে কিছু বলার নেই।"

শফিকুল আলমের বর্তমান অবস্থা নিয়ে কটাক্ষ করে মাসুদ কামাল বলেন, "তিনি তো আর প্রেস সচিব নেই। ক্ষমতার শেষ দিকে তিনি বেইজ্জতির ভয়ে টক শোতে একা বসতেন। এখন তো কেউ তাঁকে টক শোতেও ডাকবে না। শুনেছি তিনি 'ওয়াদা' বা এ জাতীয় কোনো এক অখ্যাত পত্রিকার সম্পাদক হচ্ছেন, যার নাম আগে কখনো শুনিনি। মূলত আলোচনায় থাকতেই তিনি এখন আমাকে গালাগাল করছেন।"

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে সাংবাদিক মাসুদ কামালের এই পাল্টাপাল্টি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ মাসুদ কামালের ভিডিও বার্তার নিচে তাদের নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

মানবকণ্ঠ/ডিআর