বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে দায়ের করা মামলার রেশ কাটতে না কাটতেই নতুন মোড় নিয়েছে ঘটনাটি। সংশ্লিষ্ট ওই মামলাকারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ধন্যবাদ জানান। স্ট্যাটাসে পাটওয়ারী লেখেন, "ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।"
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। আদালত আবেদনটি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় এবং পরবর্তীতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য প্রচার করেন, যা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। গত ৫ মার্চ পাটওয়ারীর একটি বিতর্কিত বক্তব্য ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তবে দলের উচ্চপর্যায় থেকে ওই মামলাকারী নেতাকে শোকজ করায় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন পাটওয়ারী এবং এর পরিপ্রেক্ষিতে তিনি তার বিতর্কিত বক্তব্যটিও প্রত্যাহার করে নিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments