Image description

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ‘অনুমতি’ বা বিশেষ ছাড় চাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তীব্র কটাক্ষ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ড. ইউনূসকে ‘নোবেল মিয়া’ সম্বোধন করে এই মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি তার স্ট্যাটাসে ‘রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ’ শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, "সবেতো শুরু! আর কিছুদিন পর বিয়ে সাদী, দাফন কাফন, গান বাজনার জন্য কার অনুমতি নিতে হয় তা আল্লাহই জানেন!"

সরাসরি ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি আরও যোগ করেন, "আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন তা নিভানোর জন্য আমরা কই যাব!"

উল্লেখ্য, গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে জানান যে, ভারত যেভাবে রাশিয়ার তেল কিনছে, বাংলাদেশও সেভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ ছাড় পেতে চায়। এই খবরটি প্রচার হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। গোলাম মাওলা রনি এই বিষয়টিকেই বিদেশের ওপর বাংলাদেশের ‘নির্ভরশীলতা’ বা ‘পরাধীনতা’ হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।

মুহূর্তের মধ্যেই তার এই স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

মানবকণ্ঠ/আরআই