সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেত্রী অরুণা বিশ্বাস। তার দাবি, ফারুকী ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেক শিল্পীর ক্যারিয়ার ও জীবন ধ্বংস করে দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
অরুণা বিশ্বাস বলেন, “আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছেন। তিনি হয়তো মনে করছেন তিনি জিতে গেছেন, কিন্তু আসলে তিনি কখনোই জিততে পারবেন না। আমি আমার দেশটাকে ভীষণ মিস করি। ফারুকীর কারণে আমরা কাজ করতে পারতাম না, কোথাও সুযোগ পেতাম না। যেখানেই যেতাম, সেখানেই ফারুকী। টাকা দিয়ে তিনি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতেন।”
লাইভে তিনি ফারুকীর স্ত্রীর আচরণেরও সমালোচনা করেন। অরুণা বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেক শিল্পীর কিছু অধিকার থাকে, কিন্তু আমাদের সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। আমার খুব মন খারাপ। মরার দিন পর্যন্ত ভুলব না যে, আমাকে কেন নিজের দেশ ছেড়ে এভাবে চলে আসতে হলো।”
নিজের দেশত্যাগের বিষয়ে অরুণা বিশ্বাস স্পষ্ট করেন যে, তাকে কেউ সরাসরি দেশ ছাড়তে বাধ্য করেনি। তবে তিনি বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, “বিমানবন্দরে যে ব্যক্তিটি আমাকে বারবার বিরক্ত করছিল, আমি ভবিষ্যতে তার সন্ধান পেতে চাই এবং জানতে চাই তিনি কেন আমার সাথে এমন আচরণ করেছিলেন।”
কানাডার নাগরিকত্বের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি ৩০ বছর ধরে কানাডায় আছি। আমার কাছে পাসপোর্ট ছিল বলেই আমি আসতে পেরেছি। আমি পালাব কেন? আমি কেবল পরিস্থিতির কারণে দেশ ছেড়েছি।”
মানবকণ্ঠ/আরআই




Comments