Image description

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা তার বিরুদ্ধে চলা নানামুখী ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন। সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন যে, একটি কুচক্রী মহল তার উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে।

ফেসবুক পোস্টে আমির হামজা লিখেন, "আমি যখনই আপনাদের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই কিছু কুচক্রী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে তাদের হাতে এই মুহূর্তে কোনো কল্যাণকর রাজনীতি নেই। মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা হারিয়ে তারা এখন আমার পথ আটকানোকেই একমাত্র রাজনীতি হিসেবে বেছে নিয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, তার এমপি হওয়ার ফলে কুষ্টিয়ায় দীর্ঘদিনের চলে আসা অবৈধ কর্মকাণ্ডে বাধা পড়েছে। তিনি লিখেন, "আমি এমপি হওয়ার কারণে অনেকেই এখন আগের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের সাম্রাজ্য নির্বিঘ্নে চালাতে পারছে না। এই অপকর্মের সাম্রাজ্য ধ্বংস হওয়ার ভয়ে তারা এখন বিভিন্ন রূপ ধারণ করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।"
কুষ্টিয়াবাসীর প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করে আমির হামজা বলেন, 

"কুষ্টিয়াবাসীর শান্তিতে বসবাসের জন্য যে আমানত আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে, তা রক্ষায় আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমি কোনোভাবেই পিছুপা হবো না ইনশাআল্লাহ।"

সবশেষে তিনি তার নির্বাচনী এলাকার মা-বাবা, ভাই-বোনদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা আগেও আমার পাশে ছিলেন, এখনও আছেন। আপনাদের নিয়েই আমরা এই অপকর্মকারীদের বারবার পরাজিত করব।"
মুফতি আমির হামজার এই পোস্টটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তার অনুসারীরা এর সপক্ষে সংহতি প্রকাশ করছেন।

মানবকণ্ঠ/আরআই