দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও সবিস্তারে টেনে এনেছেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘দুই মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এ ক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’
মডেল মেঘনা আলমের এমন মন্তব্যের পেছনে মূলত রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছিলেন এনসিপির এই নেতা।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
আসিফ মাহমুদের এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ভিন্ন আঙ্গিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে নিজের অবস্থান তুলে ধরলেন মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
ডিআর




