‘আমরা গর্বিত’-বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করার অভিব্যক্তি একাধিকবার ছোট্ট ওই বাক্যেই প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি। উপলক্ষ-আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অনেকটা জুড়েই থাকল আগের দিন শেষ হওয়া ইংল্যান্ড সিরিজ।
নিজ আঙিনায় বিশ্বচ্যাম্পিয়নদের যেভাবে নাস্তানাবুদ করেছে সাকিব আল হাসানের দল, তা রীতিমতো বিস্ময়কর। টি-টোয়েন্টিতে যারা পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পায়নি, তারা এই সংস্করণের পরাশক্তিদের টানা তিন ম্যাচে হারিয়ে দেবে, কেউ কি তা ভাবতে পেরেছিলেন? টাইগারদের এই সাফল্য তাই অভাবনীয়, অকল্পনীয়। এমন প্রাপ্তির আনন্দও অপার্থিব। এই আনন্দের রেশ কি আর সহজেই কাটে? অজান্তেই তা মনকে আন্দোলিত করে। তাই বুধবারের আয়োজনের মূলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থাকলেও ঘুরে-ফিরে বারবার এলো গত হওয়া ইংল্যান্ড সিরিজ।
টি-টোয়েন্টির মতো ওয়ানডেরও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে যদি তাদের ধবলধোলাই করত বাংলাদেশ, তা অতটা বিস্ময় জাগাত না। কেননা এই সংস্করণে অন্তত নিজেদের ডেরায় টাইগাররা পরাশক্তিদেরই কাতারে। তারাই আবার টি-টোয়েন্টিতে হাবুডুবু খায় অকূলপাথারে। তাই নতুন করে টিম বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে আসীন হওয়া চন্ডিকা হাথুরুসিংহে ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সেখানে প্রথম অ্যাসাইনমেন্টেই বিশ্বচ্যাম্পিয়নদের ধবলধোলাই, এটা তার জন্য চ্যালেঞ্জে উতরে যাওয়ার বাড়তি আত্মবিশ্বাসই হবে।
বাস্তবতার নিরিখে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি জিতলেই খুশি থাকতেন হাথুরুসিংহে, টিম বাংলাদেশও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই দিলেন, ‘ভেবেছিলাম হয়তো একটা ম্যাচ জিততে পারি।’ দলীয় অধিনায়ক সাকিবই কি এতটা ভাবতে পেরেছিলেন? সংবাদ সম্মেলনে প্রশ্নটা করা হয়েছিল তারকা এই অলরাউন্ডারকে। তার সোজাসাপ্টা জবাব, ‘না, ওভাবে চিন্তা ছিল না।’ তবে সন্তুষ্টি প্রকাশ করেন খেলার ধরন নিয়ে, ‘যেভাবে খেলে জিতেছি, বিশেষত টি-টোয়েন্টিতে খুব বেশি সময় (আমরা এমনটা) করিনি। ওইদিন থেকে আমরা সন্তুষ্ট।’
টি-টোয়েন্টিতে যেভাবে খেলা উচিত, টিম বাংলাদেশ এতদিন আসলে সেভাবে খেলেনি। তবে সংস্করণটা ঘিরে মনোজগৎ যে পাল্টে ফেলেছেন টাইগাররা, ক্রিকেট পূরাণে চিরস্থায়ী জায়গা নেওয়া ইংল্যান্ড সিরিজ সেটারই প্রমাণ। কোচ হাথুরুসিংহের ম্যাজিকেই কি এই বদল? উত্তরটা হচ্ছে ‘না’। দল নিয়ে এই সিরিজে হাথুরু তেমন কিছুই করেননি। কিছু যে করবেন না, তা আগেই জানিয়ে রেখেছিলেন এই লঙ্কান। টাইগারদের মনোজগৎ মূলত বদলে গেছে অধিনায়ক সাকিবের ম্যাজিকে। সরাসরি কথাটা কেউ বলছেন না, তবে ক্রিকেটারদের চলন-বলনে আভাসটা স্পষ্ট।
প্রশ্নটা রাখা হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছেও। জবাবে তিনি বলেছেন, ‘ওকে অধিনায়ক হিসেবে ম্যাজিশিয়ান মনে হয় কি না, এমন চিন্তা মাথায় আসেনি। খেলোয়াড় হিসেবে তো ও ম্যাজিশিয়ানই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সে আমাদের সেরা খেলোয়াড়। বাংলাদেশে ওর সঙ্গে মেলানোর মতো আসলে কোনো খেলোয়াড় নেই।’ সাকিবের যোগ্য নেতৃত্বে তারুণ্যনির্ভর যে দলটা গড়ে উঠছে, টি-টোয়েন্টিতে এমন বলীয়ান দলও অতীতে পায়নি বাংলাদেশ। অনাগত দিনগুলোর সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছে দলটি।
ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্রে উদ্দীপ্ত এই বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ আয়ারল্যান্ড সিরিজ। ইংল্যান্ডের প্রতিবেশী তারা। তবে তাদের মতো শক্তিধর নয়। তাই আরেকটি আনন্দের উপলক্ষই উপনীত বাংলাদেশের সামনে। সিরিজটিকে ঘিরে বিসিবি কর্তা টিটু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর কর্তারা তাই মিলে গেলেন প্রত্যাশার একই মোহনায়-ইংল্যান্ড সিরিজে যে আনন্দধারার সৃষ্টি, সেটা প্রবাহমান থাকবে আয়ারল্যান্ড সিরিজেও। তবে টাইগারদের দৃষ্টি আরও দূরে। ভাবনায় আপাতত ২০২৪ বিশ্বকাপ।

